নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ) এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, “ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
রাষ্ট্রপতি তাঁর বাণীতে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। তিনি বলেন:
“অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি।”
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে।ীমো. সাহাবুদ্দিন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা অন্যায় ও পাপাচার মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের সুযোগ পান। ঈদের দিন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন, যা ইসলামের মহান ভ্রাতৃত্বের প্রতিফলন।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপরও বিরূপ প্রভাব ফেলেছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরিস্থিতি সামাল দিচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
পরিশেষে, রাষ্ট্রপতি দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করেন।

