আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা অধিদপ্তর। ঈদের দিন সকাল, দুপুর ও রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্ধারিত মেন্যু অনুযায়ী, সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি দেওয়া হবে। দুপুরে পরিবেশন করা হবে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ। এছাড়া পান ও সুপারিও সরবরাহ করা হবে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঈদের আনন্দ বন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। দেশের সব কারাগারেই এই খাবার পরিবেশন করা হবে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে বন্দিদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি করা এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

