ইরান জানিয়েছে, তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে।
খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বৃহস্পতিবার (২ এপ্রিল) বলেন, এসব সামরিক উৎপাদন কেন্দ্র অত্যন্ত গোপন স্থানে পরিচালিত হচ্ছে, যা শত্রুপক্ষের গোয়েন্দা নজরদারির বাইরে রাখা হয়েছে। তার দাবি, এসব স্থাপনায় প্রবেশাধিকার শত্রুদের নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে যে তথ্য রয়েছে তা অসম্পূর্ণ এবং দেশটির প্রকৃত কৌশলগত সক্ষমতা তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না।
মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের মতো স্থাপনাগুলোকে লক্ষ্য করে যেকোনো হামলার চেষ্টা ব্যর্থ হবে। তাদের ধারণা করা লক্ষ্যবস্তুগুলো প্রকৃতপক্ষে সামরিক দিক থেকে ততটা গুরুত্বপূর্ণ নয়।
তিনি আরও দাবি করেন, শত্রুরা ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু এতে তারা সফল হবে না। তার ভাষায়, “ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসনের মূল্য শেষ পর্যন্ত আক্রমণকারীদেরই দিতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, ইরানের প্রতিক্রিয়া সময়ের সঙ্গে আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

