সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তপথ দিয়ে নারী ও শিশুসহ ৩ জন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল। পরে প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন,“বিজিবি বিএসএফের পুশইনকৃত ১৬ জনকে থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করে তাদের স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হবে। আর রোহিঙ্গাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

