ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ও ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে যেসব অভিযোগ এসেছে, প্রতিটির বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে সিনেট ভবনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, ‘ভোটার এবং প্রার্থী উভয়ের দিক বিবেচনায় এটি একটি বড় মাপের নির্বাচন। সারাদিন উৎসবমুখরভাবে নির্বাচন হয়েছে। দুই-তিনটি অভিযোগ এসেছে, যেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট দল বা ঘরানার প্রতি পক্ষপাতী নই। আমি চাই সবাইকে নিয়ে চলা হোক। এটিই আমার পথ।’

