সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ অনুষ্ঠানে লেখালেখি ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
গত ২৭ ডিসেম্বর শনিবার নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আনোয়ার শাহজাহানের পক্ষে তাঁর বড় ভাই আনোয়ার আলমগীর সম্মাননা গ্রহণ করেন।
আনোয়ার শাহজাহান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের মরহুম আব্দুল মুতলিবের তৃতীয় পুত্র। তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রেসক্লাবের ভূমি ও ভবন দাতা হিসেবে স্থানীয় সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ গোলাপগঞ্জের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি দাতা হিসেবে শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন।
দীর্ঘ প্রবাস জীবনেও তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি বর্তমানে তিনি লন্ডন বাংলা স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে শিক্ষাব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন।
সম্মাননা গ্রহণ শেষে আনোয়ার আলমগীর বলেন, “এই সম্মাননা আমার ভাইয়ের দীর্ঘদিনের সাংবাদিকতা, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, যা আমাদের পরিবারের জন্য গর্বের।”
অন্যদিকে আনোয়ার শাহজাহান সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এ ধরনের সম্মাননা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

