হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি—এটি হামলা, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা আহত হননি। মঙ্গলবার (৯ জুন) জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসিতে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।
নিউইয়র্ক টাইমসের বরাতে আরও জানা যায়, ঘটনাটি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে নৌ-বাণিজ্য রুট নিরাপদ রাখতে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েন করেছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে এটিই প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা।
সেন্টকম দাবি করেছে, তারা ওই এলাকায় আন্তর্জাতিক নৌচলাচল ব্যাহত করার চেষ্টা করা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
এদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র শক্তির একটি বড় অংশ কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে।
অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনীর কিছু ক্ষতির ঘটনাও উঠে এসেছে প্রতিবেদনে। সেন্টকম জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’র সময় কয়েকজন সেনা হতাহত হয়েছেন এবং বিভিন্ন দুর্ঘটনায় আহতের ঘটনাও ঘটেছে।

