প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের চেষ্টা
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীর পাংশা উপজেলায় সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে
অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা
ঘটে। এতে মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় থাকা কয়েকটি পরিত্যক্ত চেয়ার ও পাপোশ
পুড়ে গেছে। সরিষা ইউনিয়ন পরিষদ ভবনের জানালায় আগুনের কালো দাগ পড়েছে। তবে বড় ধরনের
কোনো ক্ষয়ক্ষতি হয়নি।মৌরাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ গফুর জানান, দুর্বৃত্তরা
গভীর রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বারান্দায় রাখা
কয়েকটি পরিত্যক্ত চেয়ার পুড়ে গেছে। এ ছাড়া ভবনের দরজা ও জানালায় আগুন দেওয়ার
চেষ্টা করা হলেও সেখানে আগুন ছড়ায়নি। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান
বলেন, পাংশা উপজেলার সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে রাতে দুর্বৃত্তরা
অগ্নিসংযোগের চেষ্টা করেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের
পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম