প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাসিনা: রাশেদ খান
ডেস্ক নিউজ ||
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক পোস্টে রাশেদ খাঁন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাতের একটি টক শোর ভিডিও যুক্ত করেন। সেখানে আরাফাতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’। এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তিনি আগেই বলেছিলেন যে ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।শনিবার রাতে ফেসবুক লাইভে প্রচারিত শেখ হাসিনার একটি কথিত অডিও বার্তার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন তাঁর পোস্টে লেখেন, ওই বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...’ এবং পরবর্তী সময়ে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যাবো’। তবে তিনি ১৬ ডিসেম্বরেই দেশে আসবেন—এমন কথা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর মতে, এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন।পোস্টের শেষাংশে দেশে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের সতর্ক করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, যারা আগুন-সন্ত্রাস চালাচ্ছেন, তাঁদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত; অন্যথায় নতুন করে জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। এ সময় তিনি বাগেরহাটবাসীর প্রতিরোধের উদাহরণও তুলে ধরেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম