প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
মানুষের মাথায় কী আছে, যা এআইয়ের নেই?
ডেস্ক নিউজ ||
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে মানুষের মতো চিন্তা ও অনুভব করার সক্ষমতা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। সেই উদ্বেগের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা এবার অনুসন্ধান করছেন মানুষের মস্তিষ্কের স্মৃতি, আবেগ ও চেতনার রাসায়নিক রহস্য।বিজ্ঞানীদের নতুন এক তত্ত্ব বলছে, মানুষের মস্তিষ্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যকার মৌলিক পার্থক্য হয়তো লুকিয়ে আছে স্মৃতির জটিল রাসায়নিক প্রক্রিয়ায়।International Journal of Psychiatry Research জার্নালে প্রকাশিত ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাইম গিলন এবং গবেষক জেরার্ড মার্ক্সের একটি গবেষণায় বলা হয়েছে, মানুষের মস্তিষ্ক শুধু বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে না। স্মৃতি তৈরি ও সংরক্ষণে বিভিন্ন কোষ এবং রাসায়নিক উপাদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।গবেষকদের প্রস্তাবিত তত্ত্বের নাম ‘ট্রাইপার্টাইট মেকানিজম অব মেমোরি’। এ তত্ত্বে স্মৃতি তৈরির ক্ষেত্রে তিনটি উপাদানের কথা বলা হয়েছে—নিউরন, অ্যাস্ট্রোসাইট নামের বিশেষ মস্তিষ্ককোষ এবং এসব কোষের চারপাশে থাকা বিভিন্ন রাসায়নিক অণু। বিশেষ করে অ্যাস্ট্রোসাইট কোষ নিউরনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।অর্থাৎ, স্মৃতি শুধু মস্তিষ্কে তথ্য জমা রাখার কোনো ডিজিটাল ফাইল নয়। এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে জটিল জৈব-রাসায়নিক কার্যক্রম।যেমন, ছোটবেলায় মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়েছেন। বহু বছর পর সেই একই খাবারের ঘ্রাণ পেয়ে মুহূর্তেই ফিরে গেলেন শৈশবে। শুধু খাবারের স্বাদ নয়, ফিরে এলো মায়ের মুখ, পরিবারের সঙ্গে কাটানো সময়, এমনকি সেই সময়ের আবেগও।গবেষকদের মতে, মানুষের স্মৃতির এই আবেগীয় দিকটিও গুরুত্বপূর্ণ। নিউরোট্রান্সমিটারসহ বিভিন্ন রাসায়নিক বার্তাবাহক স্মৃতি এবং তার সঙ্গে যুক্ত আবেগীয় অভিজ্ঞতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।এআই কম্পিউটারও তথ্য সংরক্ষণ করে, প্রয়োজনমতো তা ফিরিয়ে আনে। এআই মানুষের মতো কথা বলে, কবিতা লেখে, এমনকি দুঃখের গল্প শুনে সান্ত্বনাও দেয়। কিন্তু মানুষের মস্তিষ্কের মতো জীবন্ত কোষ ও রাসায়নিক প্রক্রিয়া তার নেই।গবেষকদের প্রশ্ন, শুধু কম্পিউটিং ক্ষমতা ও প্রযুক্তিগত জটিলতা বাড়ালেই কি মানুষের মতো চেতনা তৈরি সম্ভব? নাকি বুদ্ধিমান আচরণ করা আর সত্যিকার অর্থে অনুভব করতে পারা সম্পূর্ণ ভিন্ন বিষয়?যদিও এটি এখনো একটি প্রস্তাবিত বৈজ্ঞানিক কাঠামো। তবু গবেষণাটি নতুন একটি প্রশ্ন সামনে এনেছে—মানুষ কি শুধু তথ্য মনে রাখে, নাকি সেই স্মৃতির সঙ্গে অনুভূতি জুড়েই তৈরি হয় তার চিন্তা ও চেতনা?হয়তো ভবিষ্যতে স্মৃতির এই রাসায়নিক রহস্য উন্মোচনই বলে দেবে, মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে প্রকৃত পার্থক্য কতটা গভীর!
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম