প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক
ডেস্ক নিউজ ||
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা ও তাঁর শ্যালক রেজাউল আলম শাহীনের নাম জানা গেছে; অপর দুইজনের মধ্যে আরও একজন শ্যালক রয়েছেন।সায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। পাশাপাশি তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। অন্যদিকে, তাঁর স্বামী মনিরুল ইসলামকে সরকার ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দপ্তরে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। ওই সময় বঞ্চিত কর্মকর্তারা তাঁকে কক্ষে অবরুদ্ধ করে রাখলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান পুলিশি পাহারায় তাঁকে সচিবালয়ের বাইরে পাঠিয়ে দেন। এরপর তিনি আর কর্মস্থলে যোগ দেননি এবং ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখল।অভিযুক্তদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার সন্দেহজনক লেনদেন (যার মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে)।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম