প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারে ফুফাকে হত্যা,ফারুক নরসিংদী থেকে গ্রেপ্তার
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের বড়লেখায় আপন ফুফাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার একমাত্র এজাহারনামীয় আসামি ওমর ফারুককে (২৫) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে নরসিংদী জেলার রায়পুরা থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯,সিপিসি-২,মৌলভীবাজার এবং এসআরবি-১১,সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার ওমর ফারুক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন ছাতুরপাড় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।এসআরবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর অসুস্থ শ্যালক দুদু মিয়াকে দেখতে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি বড়লেখার গল্লাসাঙ্গন ছাতুরপাড় এলাকায় যান আব্দুর রহমান (৬৪)। ওই দিন সন্ধ্যায় গাছ বিক্রির টাকা নিয়ে ওমর ফারুকের সঙ্গে তার মা মাহবুবা বেগমের কথা কাটাকাটি হয়। এ সময় আব্দুর রহমানের পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওমর ফারুক।এর জেরে রাত সাড়ে ৮টার দিকে ধারালো দা নিয়ে আব্দুর রহমানের বিশ্রামরত কক্ষে প্রবেশ করে তার বাম কাঁধ,ঘাড় ও মাথার পেছনে এলোপাতাড়ি আঘাত করেন ওমর ফারুক। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।পরে স্বজনরা আব্দুর রহমানকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৯ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম