প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও ঐতিহ্যকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করতে হবে: আশরাফুর রহমান বাবু
ফয়সাল খন্দকার, মতলব, চাঁদপুর প্রতিনিধি ||
“বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো” এই স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “ অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২০২৬ এর ১৩তম বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৮ নভেম্বর, শনিবার মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।মতলব দক্ষিণ উপজেলা পর্বের এই আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজীর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ এর যৌথ সঞ্চালনায় প্রথমে ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য শাফিন আহমেদ , গীতা পাঠ করেন শিক্ষার্থী সুজানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল অঙ্গীকার প্রতিদিন এর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আশরাফুর রহমান বাবু । তিনি তার বক্তব্যে বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ২০১৩ সালে মতলবের দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে স্কুল অঙ্গন ছাড়িয়ে উপজেলা হয়ে জেলাব্যাপী কার্যক্রম বিস্তার লাভ করেছে। প্রতিষ্ঠাকাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে নিবেদিত এই সংগঠনের সদস্যগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে। এসব উদ্যোগের মধ্যে আজকের বর্ণ প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত প্রশংসাজনক। আমি তাদের এতদ্ব কাজে সত্যিই অভিভূত। তারা অন্যদের চেয়ে আলাদাভাবে সমাজের জন্য কাজ করতে দেখে ভালো লাগছে। আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ সবক্ষেত্রে সবাই মিলে আমাদের এই ঐতিহ্য, মান ধরে রাখতে কাজ করবো। এসময় তিনি বলেন-বর্ণ প্রতিযোগিতা কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলবে। ছোট্ট সোনামণি'দের ফাউন্ডেশন শক্ত করে স্থাপন করতে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বর্ণ প্রতিযোগিতা মেধা অন্বেষণে খুব প্রেরণাদায়ক। তিনি যোগ করেন এভাবে, ভাষার মাসে বর্ণ প্রতিযোগিতা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ হচ্ছে ভাষার মূল ভিত্তি। বর্ণ যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, তাহলেতো আমার ভাষা কোনো কাজে আসলোনা। ২০১৪ সাল থেকে বর্ণ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে, ব্যাপক সাড়া পাচ্ছে।আমি আমার অবস্থানে থেকে অঙ্গীকার বন্ধু সংগঠনের ভালো ভালো কাজ এগিয়ে নিতে সম্পৃক্ত থাকবো। যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারি যেকোনো উদ্যোগে অঙ্গীকার বন্ধু সংগঠনকে কিভাবে যুক্ত করে সমাজের জন্য কাজ করা যায় সেসবে আমার প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই থাকবে। তিনি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনার কোমলমতি সন্তানকে আদর-সোহাগের মাধ্যমে পড়াশোনা সহ অন্যান্য এক্টিভিটিজে সম্পৃক্ত করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জজ কোর্টের এপিপি, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মান্নান মিয়াজী। তার বক্তব্যে অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার নামকরণ সহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজের বিষয়ে ফিরিস্তি তুলে ধরে তাৎপর্য ব্যক্ত করেন। তিনি সামাজিক কাজে জড়িত থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ায় সংগঠনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সহ সবসময় ভালো কাজে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ। তিনি এরকম মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে বিশেষত প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করায় সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ও বিশিষ্ট বাচিক শিল্পী সাংবাদিক সাইয়্যেদুল আরেফিন শ্যামল। তিনি তার বক্তব্যে বলেন, অঙ্গীকার যেকাজ গুলো নিয়মিত করে আসছে তা' সমাজের জন্য প্রয়োজনীয়। এমন উদ্যোগে আমি সংগঠনের সাথে থাকতে পেরে আনন্দিত। আগামী দিনেও অঙ্গীকার তাদের কাজের গতি ধরে রেখে নিরবিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলমাছ মিয়া, এসময় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের পরিচয় উপস্থাপন করে কবিতা আবৃত্তি করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজল কুমার দেব, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক মোঃ ফয়সাল খন্দকার।উপস্থিত অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।তারা বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। এ সময় সংগঠনের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদের আহবায়ক ও এলিট পরিষদের সদস্য জয়ন্তী ভৌমিক, কার্যনির্বাহী পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত থেকে আয়োজন সফল করেন অঙ্গীকার বন্ধু সংগঠন এর সহ সভাপতি পারভেজ আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সৈকত তালুকদার, সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদের সদস্য সচিব মো: কামরুল হাসান সহ অন্যান্য সদস্যগণ।উল্লেখ্য, বর্ণ প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক ও ১ম শ্রেণিতে ১৫ জন করে মোট ৩০ জনকে মেধাস্থানক্রম অনুযায়ী এবং আরও মোট ২৫ জনকে বিশেষ স্থান ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়েছে। সবশেষে সভাপতির বক্তব্যে সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ পরিচালক, অঙ্গীকার প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক আল আমিন মিয়াজী বলেন, আমাদের মহতি আয়োজনে আপনাদের সহযোগিতা কাম্য। বিশেষত আজকে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা বুদ্ধি,পরামর্শ ও আর্থিক সহযোগিতা প্রদান করে আয়োজন সফল করেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম