প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫টি ওয়ান শুটার বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার ১
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীতে পৃথক অভিযান পরিচালনা করে
দেশীয় তৈরি পাঁচটি একনলা (ওয়ান শুটার) বন্দুক, আটটি গুলি ও
কার্তুজসহ এক জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র
কেনাবেচায় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করেন ডিবি পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর
থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার
ভোর ৫টার দিকে সদর উপজেলার বড় বাজার ২ নম্বর
রেলগেট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল জানতে
পারে, উরাকান্দা বিচ (ইউকে বিচ)-এর উত্তর পাশে গোদার
বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র
কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সোয়া ৫টার দিকে
সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর
চেষ্টা করলে পুলিশ সদস্যদের সহায়তায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি
হলেন জেলার গোয়ালন্দ উপজেলার চর দেলুন্দি গ্রামের মৃত আবজাল আয়নাল প্রামাণিকের
ছেলে মো. জালাল প্রামাণিক জাকির হালিম (৩৭)। পরে তাঁর দেহ ও সঙ্গে থাকা মালামাল
তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে কাঠের বাট ও বডিযুক্ত ১২
বোরের ফায়ারিং পিনযুক্ত দুটি এবং কাঠের বাট, ফায়ারিং পিন ও ম্যাগাজিনযুক্ত আরও একটি একনলা
(ওয়ান শুটার) বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত প্যান্টের পকেটে বিশেষ
কৌশলে রাখা পাঁচটি ১২ বোর কার্তুজ ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার কাজে
ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল এবং তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ও একটি বাটন
ফোন জব্দ করা হয়।অন্যদিকে, একই দিন ডিবি
পুলিশের আরেকটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার উরাকান্দা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠের বাট ও বডিযুক্ত ১২
বোরের ফায়ারিং পিনযুক্ত আরও দুটি একনলা (ওয়ান শুটার) বন্দুক উদ্ধার করে। পরে
সেগুলোও বিধি মোতাবেক জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার
জালাল প্রামাণিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট
চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)
অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক
দুটি অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক, গুলি-কার্তুজ
ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া
চলমান রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম