প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
আফগানিস্তানে নারীদের চিকিৎসা নথি থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক ||
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, চিকিৎসাসংক্রান্ত রেকর্ড ও ব্যবস্থাপত্রে নারীদের পূর্ণ নামের পরিবর্তে শুধু ‘বিবি’ শব্দ ব্যবহারের নির্দেশ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে।নির্দেশনা অনুযায়ী, সরকারি ও চিকিৎসাসংক্রান্ত নথিতে নারীদের নিজস্ব নামের পরিবর্তে সাধারণভাবে ‘বিবি’ শব্দ ব্যবহার করতে হবে। এতে সরকারি ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত নথিতে নারীদের ব্যক্তিগত পরিচয় ও স্বাতন্ত্র্য আরও সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্য গার্ডিয়ান ও এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে নারীদের পরিচয় দিতে ‘ছাগল’ ও ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত নথিতে এ নির্দেশনা কার্যকর হলে নারীদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা এবং যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে দেশটির নারী ও মেয়েদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা এবং জনজীবনে অংশগ্রহণের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সর্বশেষ এই নির্দেশনা আফগান সমাজে নারীদের স্বতন্ত্র পরিচয় ও অধিকার সংকুচিত হওয়ার বিষয়টি নতুন করে সামনে এনেছে, যা নিয়ে মানবাধিকারকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম