প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে বেরোবি ছাত্রশিবিরের বিক্ষোভ
মো: পারভেজ হাসান , ক্যাম্পাস প্রতিনিধি ||
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। এ সময় আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকে গিয়ে তা শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদ বলেন, "ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি।" এ সময় গুম, খুন ও হত্যার রাজনীতি চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রয়োজনে আবারও জীবন দেব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সেই স্বৈরাচারকে দেশে ফিরে আসতে দেব না।’জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, "ওই সময় শিশুরাও প্রাণ হারিয়েছে। আওয়ামী লীগকে আর দেশে ফিরে আসতে দেওয়া হবে না। কেউ খুন ও নৈরাজ্যের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।"তিনি আরও বলেন, একদিকে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া এবং তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ছাত্রশিবির সভাপতি বলেন, প্রকৃত অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাইয়ের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারলে আওয়ামী লীগসহ কোনো শক্তিই জনগণের ন্যায্য দাবি ও অধিকার দমিয়ে রাখতে পারবে না।বেরোবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান খান সৌরভ বলেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায়, বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। জুলাইয়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও প্রয়োজন হলে বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে যেকোনো নৈরাজ্য রুখে দেবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম