প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
সিরাজদিখানে মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী, ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
মো. আবদুল আউয়াল , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশে আর কোনো পতিত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। জাতীয়তার প্রশ্নে সবাই সমান নাগরিক এবং সবার নাগরিক অধিকার সমান। তবে মুসলমান হিসেবে পবিত্র কোরআন, হাদিস ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
তিনি আরও বলেন, খতমে নবুওয়ত সম্মেলনে উত্থাপিত দাবিগুলো আইনানুগভাবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিগত সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড চালানো হয়েছে। বায়তুল মোকাররম মসজিদ ও শাপলা চত্বরের ঘটনাগুলোর বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, একটি অপশক্তি দেশের বাইরে থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির উসকানি দিচ্ছে। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা আইনানুগ ও শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় মুন্সীগঞ্জ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। মাদকাসক্ত যুবকদের শুধু পুলিশ, থানা কিংবা জেলখানার মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ জীবনে পুনর্বাসন করতে চান তিনি।
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে সংসদ সদস্য বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবে, তাদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করবেন। পাশাপাশি ধর্মীয় অনুশাসনের মধ্যে ফিরিয়ে আনতে তাদের তাবলিগের ৪০ দিনের চিল্লায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং এ জন্য প্রয়োজনীয় ব্যয়ভারও তিনি বহন করবেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে মাদকাসক্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ও জাতির শান্তি, শৃঙ্খলা এবং নাগরিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম