প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
উজিরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ডেস্ক নিউজ ||
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ রাহাত সরদার (৩০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে।শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে স্থানীয় একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান সরদারের মৃত্যু হয়। আহত রাহাত সরদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।এদিকে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইউনিক পরিবহনের বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার মধ্যে গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী থেকে গৌরনদীর জয়শ্রী পর্যন্ত সড়কে যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। তাঁরা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানুর রহমান সেতু। এ সময় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলামও উপস্থিত ছিলেন। প্রশাসন ও পুলিশের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম