প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী
বিনোদন ডেস্ক ||
নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখা এই তারকা সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন তিনি।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিদ্ধার্থ দত্ত বিনোদন জগতের বাইরের মানুষ এবং পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তবে পারিবারিক সূত্রে টালিউডের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে; তিনি বাংলা টেলিভিশনের অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর। সেই সূত্রেই মিমি ও ত্রমিলার বন্ধুত্ব এখন আত্মীয়তায় রূপ নিয়েছে।আনন্দবাজারকে ত্রমিলা ভট্টাচার্য জানান, তাঁদের পরিবারের একাধিক সদস্য জাহাজ পেশার সঙ্গে যুক্ত—তাঁর স্বামী জাহাজের ক্যাপ্টেন এবং সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। মিমিকে দীর্ঘদিন ধরে চেনেন ত্রমিলা এবং দুজনকে বেশ মানিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ছিমছাম আয়োজনে বাগ্দান ও আইনি বিয়ে সেরেছেন মিমি ও সিদ্ধার্থ। ওই দিন সোনালি জরির কাজ করা পোশাক ও সবুজ পাথরের অলংকারে সেজেছিলেন মিমি, আর সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। বিশেষ এ মুহূর্তে মিমির পাশে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু পোশাকশিল্পী অভিষেক রায় ও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল, যেখানে বর-কনের পাশাপাশি অভিনেত্রীর তিন পোষ্যের ছবি থাকায় আলোচনা শুরু হয়। তখন এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গিয়েছিলেন মিমি।কলকাতায় আইনি বিয়ে সম্পন্ন হলেও নবদম্পতির বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে পাহাড়ে। আগামী ৩ ডিসেম্বর নৈশভোজের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের আয়োজন; পরদিন মেহেদি ও সংগীতের আসর বসবে এবং ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। তারকাসমাবেশের বদলে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়েই নতুন জীবন উদ্যাপন করতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম