প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
নূহ (আ.)-এর নৌকার কাঠ উদ্ধার
ডেস্ক নিউজ ||
তুরস্কের রহস্যময় ভূতাত্ত্বিক গঠন ‘দুরুপিনার ফরমেশন’ এলাকায় মাটির ৩০ ফুটেরও বেশি গভীর থেকে উদ্ধার হওয়া দুটি পোড়া কাঠের টুকরার ল্যাবরেটরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছেন গবেষকরা। তাঁদের মতে, কাঠের টুকরাগুলো প্রায় ৪ হাজার ৩০০ বছর আগের—যা ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় উল্লিখিত মহাপ্লাবনের সময়কালের সঙ্গে মিলে যায়।সোমবার নূহ (আ.)-এর নৌকা বা ‘নোয়াহস আর্ক’ অনুসন্ধানকারী গবেষক দল এই ল্যাব পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কাঠের টুকরাগুলো আবিষ্কারকারী তুরস্কের সিভাস কুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক অধ্যাপক সেনকার আতিলা এ ফলাফলকে গবেষক দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে প্রকল্পের প্রধান অ্যান্ড্রু জোনস জানান, তুরস্ক ও সুইজারল্যান্ডের ল্যাবরেটরিতে আরও কিছু নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং আগামী মাসেই তুরস্কের ল্যাব থেকে ফল পাওয়া যাবে। তিনি বলেন, কাঠগুলো কোন প্রজাতির গাছের তা শনাক্ত করার পাশাপাশি এতে আলকাতরা বা বিটুমিনের প্রলেপ আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা বিজ্ঞানী ড. খসরু বখতারের চূড়ান্ত রাডার প্রতিবেদন এবং ওই এলাকা থেকে সংগৃহীত প্রায় ৪০০টি মাটি ও পাথরের নমুনার প্রাথমিক পরীক্ষার ফলও পাওয়া যাবে।বৈশ্বিক মহাপ্লাবন ৪ হাজার ৩০০ বছর আগে ঘটেছিল কি না, সে বিষয়ে আধুনিক বিজ্ঞানে সর্বসম্মত মত না থাকলেও ধর্মীয় কালপঞ্জি অনুযায়ী ওই সময়ের কাছাকাছি প্লাবন হয়েছিল বলে ধারণা করা হয়।ল্যাবরেটরিতে তেজস্ক্রিয় কার্বন পরিমাপের মাধ্যমে দেখা গেছে:উদ্ধার হওয়া প্রথম কাঠের নমুনাটির সম্ভাব্য সময়কাল খ্রিষ্টপূর্ব ২৪১০ থেকে ২২৬৯ অব্দের মধ্যে (সম্ভাবনা ৬০ দশমিক ৬ শতাংশ)।দ্বিতীয় নমুনাটির সময়কাল খ্রিষ্টপূর্ব ২৩৪৯ থেকে ২১৯৩ অব্দের মধ্যে হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ।গবেষকদের মতে, এই দুটি সময়সীমার মধ্যেই খ্রিষ্টপূর্ব ২৩৪৮ ও ২৩০৪ অব্দ পড়ে—যা ঐতিহ্যগতভাবে নূহ (আ.)-এর মহাপ্লাবনের সময় হিসেবে বিবেচিত। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, কার্বন ডেটিং পরীক্ষায় গাছটি কত বছর আগে বেড়ে উঠেছিল তা জানা যায়, কাঠটি ঠিক কবে পোড়ানো বা ব্যবহৃত হয়েছিল তা নিশ্চিত হওয়া যায় না।হাতের কাজের ছাপ ও রাডার স্ক্যানের তথ্য:গবেষক দলের দাবি, উদ্ধার হওয়া কাঠের টুকরাগুলোতে মানুষের হাতের কাজের স্পষ্ট চিহ্ন রয়েছে। অধ্যাপক আতিলা বলেন, কাঠটির আকৃতি ও উপরিভাগের সূক্ষ্ম কারুকাজ দেখে বোঝা যায়, বিশেষ কোনো উদ্দেশ্যেই কেউ এটি তৈরি করেছিলেন।এর আগে ৫১৫ ফুট দীর্ঘ নৌকাকৃতির ওই ভূতাত্ত্বিক গঠনের ভেতরে শক্তিশালী রাডার স্ক্যান চালিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ড. খসরু বখতার। স্ক্যানে মাটির নিচে কক্ষ, করিডর ও সুড়ঙ্গের মতো কাঠামোর অস্তিত্ব পাওয়া যায় এবং তিনটি আলাদা স্তর শনাক্ত করা হয়, যা ধর্মগ্রন্থে বর্ণিত তিন তলাবিশিষ্ট নৌকার বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করেন অধ্যাপক আতিলা।দীর্ঘ ৩০ বছর ধরে এলাকাটি নিয়ে গবেষণা করা অ্যান্ড্রু জোনস জানান, খনন ও রাডার জরিপে সেখানে কোনো চুনাপাথর বা শক্ত শিলাস্তরের অস্তিত্ব মেলেনি; ফলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো পাথুরে গঠন এমন তত্ত্ব টেকসই নয়। তবে রাডার সংকেত ও কাঠের নমুনাগুলোকে এখনই চূড়ান্ত প্রমাণ হিসেবে না দেখে ‘অত্যন্ত জোরালো নতুন সূত্র’ হিসেবেই অভিহিত করেছেন তিনি।সূত্র: ডেইলি মেইল
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম