প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস: অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত
এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ||
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন ইউটিউবে প্রকাশের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের হুবহু মিল পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর বার্ষিক পরীক্ষা শুরু হয় এবং বৃহস্পতিবার ছিল পরীক্ষার পঞ্চম দিন। দুপুর ১টায় অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শুরুর কথা থাকলেও সকাল ৯টার দিকে ‘Abir Mentor’ নামের একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা হয়। প্রকাশিত প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়।প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য: বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রশ্নের মিল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রশ্ন পাওয়ার তথ্য জানার পর প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছিল যে মিল পাওয়া গেলে পরীক্ষা যেন স্থগিত রাখা হয়। মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে এবং প্রমাণ মিললে সেসব পরীক্ষাও নতুন করে নেওয়ার ব্যবস্থা করা হবে।অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, এটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছে; এ বিষয়ে তিনি লিখিত কোনো নির্দেশনা দেননি। প্রধান শিক্ষককে সবকিছু স্বচ্ছ ও সুষ্ঠুভাবে করার কথা বলা হয়েছে এবং নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় তখন হাতে ছিল না বলে তিনি উল্লেখ করেন।আগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ও অভিভাবকদের ক্ষোভ:অনুসন্ধানে জানা গেছে, বৃহস্পতিবারের বাংলা দ্বিতীয়পত্রের লিখিত ও নৈর্ব্যক্তিক প্রশ্ন বুধবার রাতে সমাধানসহ ওই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এর আগে ১৯ নভেম্বর গণিত, ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার প্রশ্নপত্রও পরীক্ষার আগের রাতে উত্তর ও সমাধানসহ একই চ্যানেলে প্রকাশ করা হয়েছিল।পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় অবহেলার অভিযোগ তুলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকেরা। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানার কথা থাকলেও প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে প্রকাশ পেল, সে বিষয়ে জবাবদিহি চেয়েছেন তাঁরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম