প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
দেশে এখনও বাল্যবিবাহের শিকার প্রায় অর্ধেক নারী
||
বাল্যবিবাহ প্রতিরোধে নানা উদ্যোগ সত্ত্বেও দেশে এখনো কম বয়সে বিয়ের হার উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। আর ১৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে ১৩ দশমিক ৪ শতাংশের। এমন প্রেক্ষাপটে বাল্যবিবাহ, অল্প বয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবস আজ। জাতিসংঘ ঘোষিত দিবসটি এবারই প্রথম পালিত হচ্ছে। চলতি বছরের ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২৭ নভেম্বর দিবসটি পালনের প্রস্তাব গ্রহণ করে। বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করাই এ দিবসের উদ্দেশ্য।বাংলাদেশের জন্য দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে। ২০১৯ সালে ১৮ বছরের আগে বিয়ে হওয়া ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। সে হিসাবে বাল্যবিবাহের হার কিছুটা কমলেও কিশোরীদের মধ্যে বিয়ের হার বেড়েছে। ২০১৯ সালে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীর হার ছিল ৩২ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে।দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, লিঙ্গবৈষম্য, নিরাপত্তাহীনতা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া এবং জলবায়ু পরিবর্তনজনিত অর্থনৈতিক সংকট বাল্যবিবাহের অন্যতম কারণ। অনেক পরিবার মেয়েদের বিয়েকে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উপায় হিসেবে বিবেচনা করে।বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। অল্প বয়সে মাতৃত্বের কারণে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ে। পারিবারিক সহিংসতা ও অর্থনৈতিক পরনির্ভরশীলতার ঝুঁকিও তৈরি হয়। এর নেতিবাচক প্রভাব পড়ে দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে।আইন সংস্কারের সুপারিশ বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং পুরুষের ২১ বছর। তবে আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত বয়সের আগেও বিয়ের সুযোগ রাখা হয়েছে।সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ যৌথভাবে আইনটির ১৯ ধারা বাতিলের সুপারিশ করেছে। একই সঙ্গে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহের শিকার ব্যক্তির আবেদনের ভিত্তিতে বিয়ে বাতিলের আইনি সুযোগ রাখার সুপারিশ করেছে সংস্থা দুটি। গত ২৪ নভেম্বর ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূলের লক্ষ্য নিয়েছে।তবে ইউএনএফপিএর মতে, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করতে হলে বাংলাদেশকে বর্তমান অগ্রগতির গতি ২০ গুণ বাড়াতে হবে।এ পরিস্থিতিতে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি মেয়েদের শিক্ষা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, অভিভাবকদের সচেতন করা এবং বিয়ের ক্ষেত্রে স্বাধীন ও পূর্ণ সম্মতির অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। বাল্যবিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবসের প্রথম আয়োজন এসব বিষয়ে নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগ সৃষ্টির সুযোগ এনে দিয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম