প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এশিয়ান গেমস ও অলিম্পিকে সাফল্য পেতে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা করছে সরকার
স্পোর্টস ডেস্ক ||
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী পাঁচ বছরের মধ্যে এশিয়ান গেমস ও অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে আয়োজিত ‘ওপেন এয়ার গান চ্যাম্পিয়নশিপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ শুধু অংশগ্রহণের জন্য যাবে না, এবার পদক জয়ের লক্ষ্য নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে।এই লক্ষ্য অর্জনে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, সাময়িক প্রশিক্ষণের পরিবর্তে বছরজুড়ে নিয়মিত ও পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।সরকারের আশা, দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বাড়বে।
‘দীর্ঘমেয়াদী এই রোডম্যাপের আওতায় দেশের সম্ভাবনাময় ১৫টি খেলাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে নিবিড় প্রশিক্ষণ শুরু করা হচ্ছে। খেলোয়াড়দের অনুশীলন নির্বিঘ্ন করতে এবং তাদের মনোবল বাড়াতে আগামী জানুয়ারি মাস থেকে ৩৭২ জন নির্বাচিত খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। বিশেষ করে শুটিং ডিসিপ্লিনে যারা অনুশীলন ও প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন, ভবিষ্যতে তাদের মধ্য থেকে আরও বেশি সংখ্যক শুটারকে এই ভাতায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।’
তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা অন্বেষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান প্রতিভা বিকাশ কার্যক্রমের তৃতীয় সিজনে শুটিং ও আর্চারি ডিসিপ্লিনকে নতুন করে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে জেলা পর্যায়ের শুটিং ক্লাবগুলোকে পুনরায় সচল ও প্রাণবন্ত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা দেয়া হবে।
ক্রীড়া শিক্ষাকে শৈশব থেকেই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজনে পঞ্চম শ্রেণি থেকেই শুটিংকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি সাবেক জাতীয় খেলোয়াড়দের অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ কল্যাণমূলক উদ্যোগের ঘোষণাও দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকে ২০০ জন সাবেক জাতীয় খেলোয়াড়কে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হবে। এই ভাতা প্রদানের ক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল ও অসুস্থ খেলোয়াড়দের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম