প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বোমা নিক্ষেপ
আরিয়ান টুটুল , কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ভোরে কারাগারের মূল ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কারা কতৃপক্ষ ও পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে অবস্থিত কুষ্টিয়া জেলা কারাগারের সীমানার ভেতরে আবাসিক কোয়ার্টারের দিকে বোমা নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এরআগে একই দিন ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কারাগারের মূল ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে দেখা যায়,কালিশংকপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর বিস্ফোরণ ঘটেছে। গাছের পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু প্লাস্টিকের বস্তাসহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এদিকে,একই দিনে দুই দফায় কুষ্টিয়া জেলা কারাগারে বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারা কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম