প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
দিনাজপুর চিরিরবন্দরের সীমান্তের ২০ বেকার যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবককে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদ ও আত্মকর্মসংস্থানের সহায়ক ইলেকট্রিক্যাল টুলস তুলে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ ও সরঞ্জাম তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান, দিনাজপুরের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান এবং চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী।অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবকেরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি তাঁদের আয় বৃদ্ধির মাধ্যমে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।উল্লেখ্য, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত ২০ জন বেকার যুবককে এ ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদ ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস প্রদান করা হয়েছে, যাতে তাঁরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিতে পারেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম