প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ
আল মাসুদ , পঞ্চগড় প্রতিনিধি ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের আদালত চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।পথসভায় বক্তারা অভিযোগ করেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। সরকার বর্তমান অবস্থান থেকে সরে না এলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।বক্তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তারা।বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম