প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
শ্রমিকদের স্বার্থে দ্রুত মজুরি বোর্ড গঠন করেছে সরকার: মাহদী আমিন
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, গত তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। বৈশ্বিক নানা সংকট ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। তবে নতুন মজুরি নির্ধারণে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। স্বাধীন ও নিরপেক্ষভাবে মজুরি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই শ্রমিকবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দেশের বিভিন্ন শিল্পে জ্বালানি সংকটের মতো চ্যালেঞ্জ থাকলেও আগের পাঁচ বছরের পরিবর্তে এবার মাত্র তিন বছরের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দেশের ইতিহাসে এমন ঘটনা প্রথম।তিনি বলেন, এবারের মজুরি বোর্ডের সদস্যরা সবাই গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তি। তারা শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা এবং পর্যালোচনার ভিত্তিতে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় সরকার কোনো প্রভাব বিস্তার করেনি। এ জন্য মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।মজুরি নির্ধারণের বিষয়ে মাহদী আমিন বলেন, চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সবাই একমত হয়েছেন। তবে একটি গ্রেডে সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই গ্রেডে শ্রমিক পক্ষের দাবি ছিল ১৮ হাজার টাকা, আর মালিক পক্ষ প্রস্তাব করেছিল ১৬ হাজার টাকা। পরে ভোটের মাধ্যমে দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের এই প্রক্রিয়ায় গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের প্রতিফলন ঘটেছে।
মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে মাহদী আমিন বলেন, চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। গ্রেড-১-এ ২০২৩ সালে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।
তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিন বছরে চারটি গ্রেডে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাস শেষে প্রাপ্ত অর্থ আরও ভালো ও সম্মানজনক অবস্থানে যাবে বলে আমরা বিশ্বাস করি।
মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি বলেন, মালিকদের অনেকে প্রত্যাশা করছেন, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন নিয়ে যেতে পারবেন।
মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, ব্যয় বৃদ্ধি, বাংলাদেশের অন্যান্য শিল্পের মজুরি, শিল্পের সক্ষমতা এবং বড়, মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর সঙ্গেও তুলনা করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড সম্মিলিতভাবে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।
তিনি বলেন, গতকাল থেকে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের কাছে নতুন মজুরি কাঠামো গ্রহণযোগ্য হয়েছে। অনেকে এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ফলপ্রসূ মজুরি কাঠামো ঘোষণা করায় মজুরি বোর্ডকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম