প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
ল্যাবএইড থেকে স্কয়ারে নেওয়া হলো মামুনুর রশীদকে
ডেস্ক নিউজ ||
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত চার দিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হয়। বৈঠক শেষে চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানান। এরপর পরিবারের সদস্যরা তাকে অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেতার ছোট ভাই রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাটক লেখা ও পরিচালনার জন্যও তিনি পরিচিত। স্বাধীনতার পর দেশের নাট্যাঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭২ সালে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নাট্যদল ‘আরণ্যক’।আরণ্যক নাট্যদলের উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’। ষাটের দশক থেকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটকের নাম ‘চেনামুখ’।দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি।এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা করে তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মামুনুর রশীদ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম