প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
মহাকাশে ডেটা সেন্টার গড়তে ইলন মাস্কের বড় পরিকল্পনায় অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে। বুধবার (২৬ নভেম্বর) ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) প্রতিষ্ঠানটির ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তাবে অনুমতি দেয়। এসব স্যাটেলাইট মহাকাশে থেকেই তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ করবে। যুক্তরাষ্ট্রে এ ধরনের অনুমোদন এই প্রথম।এফসিসি জানিয়েছে, স্পেসএক্সের তৈরি ‘স্টারমাইন্ড’ নামের এসব স্যাটেলাইট মূলত ছোট ছোট কম্পিউটার মডিউল হিসেবে কাজ করবে। সংস্থাটির মতে, এই উদ্যোগ মানবজাতিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখানে সূর্যের বিপুল শক্তি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নতুন যুগে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।এই পরিকল্পনার সমর্থকদের মতে, এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য আরও ডেটা সেন্টার প্রয়োজন। কিন্তু পৃথিবীতে এসব কেন্দ্র চালাতে প্রচুর বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। পাশাপাশি অবকাঠামো তৈরি ও পরিচালনার খরচও অনেক বেশি। তাই মহাকাশে ডেটা সেন্টার স্থাপন একটি কার্যকর সমাধান হতে পারে।স্পেসএক্সের দাবি, মহাকাশে থাকা এসব স্যাটেলাইট প্রায় সারাক্ষণ সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করতে পারবে। এতে বিদ্যুৎ খরচ কমবে। একই সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ও কমানো সম্ভব হবে। ফলে পৃথিবীতে ডেটা সেন্টার তৈরির কারণে পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়, সেটিও কমবে।তবে এ পরিকল্পনা নিয়ে সংশয়ও রয়েছে। সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই বাস্তবে এত বড় প্রকল্প চালু করতে আরও অনেক সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে এসব কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এগুলো বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেটা সেন্টারে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। কিন্তু মহাকাশে কম্পিউটিং যন্ত্রপাতি কার্যকরভাবে ঠান্ডা রাখা কঠিন। এটি বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া কক্ষপথে উপগ্রহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে সেগুলোর নিয়ন্ত্রণ কঠিন হবে এবং সংঘর্ষের ঝুঁকিও তৈরি হতে পারে।
এফসিসি জানিয়েছে, অনুমোদিত লাইসেন্স অনুযায়ী স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে উপগ্রহ স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ উপগ্রহ স্থাপন করতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে ৫০ শতাংশ।
তবে স্পেসএক্স শেষ পর্যন্ত ১০ লাখ উপগ্রহই মহাকাশে পাঠাবে কি না, তা স্পষ্ট নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার উপগ্রহ রয়েছে। নকশা ও পরিকল্পনায় নমনীয়তা রাখার জন্য উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় বাস্তবে যতগুলো পাঠানোর পরিকল্পনা থাকে, তার চেয়ে বেশি উপগ্রহের অনুমোদন চায়।
স্টারলিংক নেটওয়ার্ক চালুর আগে স্পেসএক্স ৪২ হাজার উপগ্রহ স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে এ নেটওয়ার্কে মহাকাশে থাকা উপগ্রহের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি।
স্পেসএক্সের নতুন পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট 'স্টারশিপ'-এর ব্যয় কমার ওপর। রকেটটি এখনো উন্নয়নাধীন। উপগ্রহগুলো মহাকাশে পাঠাতে এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
তথ্যসূত্র- দ্য গার্ডিয়ান
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম