প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
||
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ মন্তব্য করেন।জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় আলাদা। একটি হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ, যা দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন।২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এবং তখন থেকেই সেখানে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে বাংলাদেশ সরকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিসহ বিভিন্নভাবে তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আসছে।মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন এবং দিল্লি থেকে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে এবং এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে গতকাল মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।আজকের ব্রিফিংয়ে প্রত্যর্পণের অগ্রগতি, বিমান পাঠানো এবং হাতকড়া পরিয়ে নেওয়ার বক্তব্যের প্রসঙ্গ উঠলে জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সে দেশের বর্তমান সরকারের বিষয়; এখানে ভারতের কিছু করার নেই। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, প্রত্যর্পণের সঙ্গে স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি আলাদা।ব্রিফিংয়ে নড়াইল ও পাবনাসহ কয়েকটি স্থানে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল এ ধরনের ঘটনাকে চিন্তাজনক উল্লেখ করে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অপরাধীদের বিচারের আহ্বান জানান। তবে নড়াইলের বেন্দারচর গ্রামে হিন্দুদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারকে মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ; পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হামলা বা লুটপাটের ঘটনা ঘটেনি।এ ছাড়া ভারতে আশ্রয়প্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ভ্রমণ ও অন্যান্য স্থলসীমান্তে যাওয়ার বিষয়ে ভারত সরকার সহায়কের ভূমিকা পালন করছে কি না—এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান জয়সোয়াল। গঙ্গার পানিচুক্তির নবায়ন প্রসঙ্গে তিনি জানান, অভিন্ন নদীর পানিবণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত যৌথ নদী কমিশনের কাঠামোগত প্রক্রিয়ায় নেওয়া হয়। আর অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বাংলাদেশগামী একটি জাহাজ ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আটকের খবরের বিষয়ে জয়সোয়াল বলেন, এ সংক্রান্ত একটি রিপোর্ট সরকারের নজরে এসেছে এবং প্রতিবেশী দেশের ঘটনাপ্রবাহে ভারত নজর রাখে ও প্রয়োজনে ব্যবস্থা নেয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম