প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
ডেস্ক নিউজ ||
বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আদালত কক্ষে আইনজীবী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যমকর্মীরাও আপিল বিভাগের আদালত কক্ষে প্রবেশ করতে পারছেন না। আপিল বিভাগের সিদ্ধান্তের প্রভাব পড়েছে হাইকোর্ট বিভাগের বেশ কয়েকটি বেঞ্চেও। সেখানে প্রবেশেও বাধার মুখে পড়ছেন সাংবাদিকরা।আদালতে প্রবেশের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সংবাদকর্মীরা।এদিকে আদালত কক্ষে প্রবেশের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, আদালত কক্ষের দরজা বন্ধ রেখে শুধু আইনজীবীদের প্রবেশের সুযোগ দিয়ে বিচার কার্যক্রমকে ‘প্রকাশ্য আদালত’ বলা যায় কি না।এ বিষয়ে আজকের পত্রিকাকে সাবেক বিচারপতি আব্দুর রহমান বলেন, সংবিধানে প্রকাশ্য বিচারব্যবস্থার কথা বলা হয়েছে। সাধারণভাবে প্রকাশ্য বিচার বলতে বোঝায়, বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষ আদালতের কার্যক্রম সরাসরি দেখতে ও শুনতে পারবেন।কিন্তু বর্তমানে শৃঙ্খলা বজায় রাখার কথা বলে আদালতের দরজা বন্ধ রাখা হচ্ছে। আইনজীবী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে বিচারপ্রার্থীরা নিজের মামলার শুনানিতে আইনজীবীরা কী বলছেন, তা সরাসরি জানতে পারছেন না। ফলে মামলায় হেরে গেলে আইনজীবীর ভূমিকা নিয়েও তাঁদের মনে প্রশ্ন তৈরি হতে পারে।সাবেক এই বিচারপতির মতে, সাধারণ মানুষকে আদালত কক্ষে প্রবেশের সুযোগ না দিয়ে বিচার কার্যক্রমকে প্রকাশ্য বিচার বলা যায় না।
গণমাধ্যমকর্মীদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অবশ্যই গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া যায়। তবে কোর্ট চলাকালীন সময়ে বিচারপতিরা নানান কথাবার্তা বলেন। এগুলো বিচারের বিষয় না। মানুষ হিসেবে আলোচনা করেন। ওগুলো যদি রিপোর্ট হয় তাহলে বিচার ব্যবস্থার জন্য খারাপ হয়ে যায়।’
বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তাঁকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আর অবসরে যান ২০১৮ সালে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম