প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে নাম নিবন্ধন করেননি মুস্তাফিজ-সাকিব
স্পোর্টস ডেস্ক ||
আগামী আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এবারের নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ফলে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই তাঁর নাম। একইভাবে নাম নিবন্ধন করেননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও।ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।তবে এবারের আইপিএল নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।এর আগে বছরের শুরুতে আইপিএল নিলামে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় দলটি।
এ ঘটনা নিয়ে পরবর্তী সময়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার।
নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম