প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
মালির সামরিক জান্তার পক্ষে লড়াইয়ে ৩৪৯ রুশ যোদ্ধার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক ||
মালির সামরিক জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে গত তিন বছরে অন্তত ৩৪৯ জন রুশ যোদ্ধা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মালিতে নিহত রুশ যোদ্ধাদের মৃত্যুসনদ ও সরকারি নথি বিশ্লেষণ করে এই সংখ্যা পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসস্ট্যাটের এসব নথি হ্যাক করে সংগ্রহ করে সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী। পরে সেগুলো বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান।প্রতিবেদনে বলা হয়, গত ২৫ এপ্রিল মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে বিদ্রোহীদের হামলায় এক দিনেই ৪৩ জন রুশ যোদ্ধা নিহত হন। তাদের মধ্যে ছয়জন কিদালে এবং একজন পাশের আগুয়েলহক শহরে মারা যান। বাকিদের মৃত্যু হয় রাজধানী বামাকো ও গাও শহরে। ওই হামলায় রুশ বাহিনীর একটি হেলিকপ্টারও ভূপাতিত করা হয়।আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ নেতৃত্বাধীন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) যৌথভাবে হামলাটি চালায়। তারা আত্মঘাতী গাড়িবোমা ও ড্রোন ব্যবহার করে শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। হামলার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরদিন সকালেই কিদাল ছেড়ে পিছু হটে রুশ ও মালির সরকারি বাহিনী।
২০২৩ সালের নভেম্বরে রুশ ভাড়াটে যোদ্ধাদের সহায়তায় শহরটি দখল করেছিল মালির সামরিক বাহিনী। আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক হিসেবে কিদালকে তুলে ধরেছিল মস্কো।
পশ্চিমা দুই কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ফাঁস হওয়া নথিতে মৃত্যুর যে সংখ্যা পাওয়া গেছে, তা আগের ধারণার চেয়ে অনেক বেশি। তাদের একজনের দাবি, মালিতে মোতায়েন রুশ বাহিনীর ১০ শতাংশেরও বেশি সদস্য নিহত হয়েছেন।
মালিতে রাশিয়ার সামরিক উপস্থিতির সূচনা ২০২১ সালের শেষ দিকে। তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার সরকারকে সামরিক অভ্যুত্থানে উৎখাতের এক বছর পর দেশটিতে প্রবেশ করে রুশ ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার। এর আগে সামরিক জান্তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ফরাসি বাহিনী মালিতে তাদের দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী অভিযান বন্ধ করে দেশটি ছাড়ে। এরপর জান্তা সরকারের প্রধান বিদেশি সামরিক সহযোগী হয়ে ওঠে রাশিয়া।
২০২৫ সালের জুনে ওয়াগনারের কাছ থেকে মালিতে সামরিক কার্যক্রমের দায়িত্ব নেয় রাশিয়ার আফ্রিকা কর্পস। রুশ সামরিক গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ তত্ত্বাবধানে পরিচালিত এই বাহিনী আফ্রিকার কয়েকটি দেশের সরকারকে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে। বিনিময়ে অর্থ ও প্রাকৃতিক সম্পদভিত্তিক লাভজনক চুক্তির সুযোগ পায় মস্কো।
ব্রিটিশ গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মে মালিতে প্রায় দুই হাজার আফ্রিকা কর্পস সদস্য মোতায়েন ছিল।
রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ২০২৪ সালের ২৭ জুলাই। সেদিন আলজেরিয়া সীমান্তের কাছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কয়েক দিন ধরে চলা সংঘর্ষে ৭০ জন রুশ যোদ্ধার মৃত্যু হয়। তাদের মধ্যে ৬৯ জনই কিদাল অঞ্চলে নিহত হন।
এর আগে ওই সংঘর্ষে নিজেদের সদস্যদের হতাহতের কথা স্বীকার করেছিল ওয়াগনার। তবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি তারা। রুশ বিভিন্ন সূত্রের হিসাবে নিহতের সংখ্যা ২০ থেকে ৮০ জনের বেশি ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনও তুয়ারেগ বিদ্রোহীদের সহায়তা করছে। এ বিষয়ে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়েছে দ্য গার্ডিয়ান। সিএনএনের এক প্রতিবেদনে মালির স্থানীয় বিদ্রোহীদের রুশ বাহিনীর বিরুদ্ধে সহায়তা দিতে প্রায় ১৫ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েনের তথ্যও প্রকাশ করা হয়েছিল।
ফাঁস হওয়া নথিতে আফ্রিকার অন্যান্য দেশে রুশ সামরিক কার্যক্রমেরও চিত্র পাওয়া গেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৩০ জন রুশ নাগরিকের মৃত্যুর তথ্য রয়েছে। দেশটিতে ওয়াগনার যোদ্ধারা প্রেসিডেন্ট ফস্তাঁ-আর্চাঞ্জ তুয়াদেরাকে নিরাপত্তা দিয়ে থাকে।
লিবিয়ায় রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতারের পক্ষে কাজ করছে। দেশটির বিমানঘাঁটিগুলো ব্যবহার করে সাহেল অঞ্চলে রুশ সেনা মোতায়েনের রসদ সরবরাহ করা হয়। সেখানে নথিভুক্ত কিছু মৃত্যুর সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাতেন আল-সাররা ঘাঁটিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার যোগসূত্র থাকতে পারে।
নাইজারেও রুশ হতাহতের তথ্য পাওয়া গেছে। দেশটির সামরিক জান্তা ফরাসি ও মার্কিন সেনাদের বহিষ্কারের পর সেখানে আফ্রিকা কর্পস মোতায়েন করে মস্কো। গত জানুয়ারিতে নিয়ামি বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলার দুই দিন পর এক রুশ যোদ্ধার মৃত্যু হয়।
এদিকে, মালিতে নিজেদের সামরিক অবস্থান পুনরুদ্ধারে সাম্প্রতিক সময়ে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। গত ৬ অক্টোবর মালির সেনাবাহিনী ও আফ্রিকা কর্পস যৌথ বিমান ও স্থল অভিযান চালিয়ে কিদাল পুনর্দখলের দাবি করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কনফ্লিক্ট ইনসাইটস গ্রুপের (সিআইজি) চলতি মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে ড্রোন হামলার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আফ্রিকা কর্পস। এর মধ্যে ল্যানসেট আত্মঘাতী ড্রোনও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষও হতাহত হচ্ছেন বলে অভিযোগ করেছে সংস্থাটি। তাদের আশঙ্কা, বেসামরিক মানুষের মৃত্যু বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি স্থানীয় সমর্থন বাড়াতে পারে।
অঞ্চলটিতে কর্মরত এক পশ্চিমা কূটনীতিকের মতে, গত এপ্রিলের হামলা মালিতে রাশিয়ার সামরিক অজেয়তার যে ভাবমূর্তি তৈরি করা হয়েছিল, তাতে বড় ধাক্কা দিয়েছে। মালিতে রাশিয়ার প্রভাব এখনো যথেষ্ট শক্তিশালী। তবে সামরিক সক্ষমতা নিয়ে স্থানীয়দের ধৈর্য ক্রমেই কমছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম