প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
১৭ হাজার টাকা মজুরিতেও কমেনি অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ
ডেস্ক নিউজ ||
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও শ্রমিক অসন্তোষ কমেনি। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা প্রথমে কারখানায় কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পরই কাজ ছেড়ে বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।অন্যদিকে, নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানেও পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা। তবে ভোটাভুটিতে ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়।
মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মজুরি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব ২২ হাজার টাকায় নামিয়ে আনে। অন্যদিকে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।
এদিকে, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তারা দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং কারখানায় ছাঁটাই বন্ধের দাবিতে স্মারকলিপিও দেন।
উল্লেখ্য, পোশাক খাতে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম