প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে যৌনপল্লী থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, বাড়িওয়ালী আটক
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর
বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর
অভিযোগে যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক
কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মন্ডলের মেয়ে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয়
শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই কিশোরী যৌনপল্লী
থেকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ
কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ
মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে উপস্থিত লোকজনের কাছে কিশোরী জানায়, পার্লারে কাজ
দেওয়ার কথা বলে এক নারী গত ১৯ নভেম্বর তাকে যৌনপল্লীতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর
নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে তাকে জোরপূর্বক
দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল। সোমবার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসে সে
দোকানটিতে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায়
নিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোরী আমার দেশকে জানায়, নারী পাচারকারী চক্রের
এক নারী তাকে গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন
দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে
বিক্রি করে দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট
থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম