প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ডেস্ক নিউজ ||
আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরিতেও জড়িত আওয়ামী লীগের লোকজন। এ কারণে তারা এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র্যালি শুরুর আগে এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের লোকজন একধরনের গোপন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও তৈরি করছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। তাঁর মতে, এটি একধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। দলটির বর্তমান কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্বাসনের সম্ভাবনা তো দূরের কথা, বরং দলটি কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, তা বারবার প্রমাণিত হচ্ছে।শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যিনি সারাজীবন পালিয়ে যাবেন না বলে এসেছেন, শেষ পর্যন্ত তিনিই চলে গেছেন। আসি আসি বলেও যিনি আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, তিনি ফিরে আসুন। ফিরে এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তাঁর বিরুদ্ধে হওয়া বিচারের রায় দ্রুত বাস্তবায়নের পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলছে।আগুন সন্ত্রাস ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অভ্যাসগত সন্ত্রাসী কার্যক্রম বলে উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একই ধরনের কর্মকাণ্ড দেখা গেছে।ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, আগুন সন্ত্রাসের মদদদাতা ভারত। তাঁর দাবি, ভারতের ভূমি ব্যবহার করে এবং দেশটিতে প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আবার সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে যাচ্ছে। এভাবে ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম