প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
চবির অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ৬০০ গাছ রোপণ
আহোমেদ মুনহা, চবি প্রতিনিধি ||
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় ৬০০টি গাছ রোপণ করা হয়েছে। চন্দ্রকলি ফাউন্ডেশনের উদ্যোগে ব্র্যাক ব্যাংক ও আওয়ার গ্রিন ক্যাম্পাসের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ২০২৬ সালে দেশব্যাপী ৫০টি স্থানে ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হয়।রোপণ করা গাছের মধ্যে রয়েছে সোনালু, বকুল, অর্জুন, কাঁটা মেহেদি, কাঠগোলাপ, নারিকেল, আম, আমলকী, আমড়া, বরই, পেয়ারা ও বাগানবিলাসসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শফিকুল ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, চন্দ্রকলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখাওয়াত উল্ল্যাহ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সালেহ জহুর,শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.কামাল উদ্দীন, আওয়ার গ্রিন ক্যাম্পাসের উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং হল সংসদের সাবেক নেতৃবৃন্দ। এ সময় আওয়ার গ্রিন ক্যাম্পাসের ৪০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।চন্দ্রকলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখাওয়াত উল্ল্যাহ বলেন, 'ব্র্যাক ব্যাংক তাদের ৫০টি স্থানে মোট ৫০ হাজার গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব দিয়েছে। এটি তিন বছর মেয়াদি একটি প্রকল্প। এ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০০টি গাছ রোপণ করা হয়েছে'।চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই সবুজের সমারোহ। এর সঙ্গে আজকের এ উদ্যোগ পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে ক্যাম্পাস আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। বিশেষ করে শীতকালীন ফুলগুলো ফুটলে ক্যাম্পাসে মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হবে।’তিনি আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে।হলটির প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন বলেন, ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এসব গাছের মধ্যে ফলজ, ফুল ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে।শুধু বৃক্ষরোপণের মধ্যেই এ কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না; রোপণ করা গাছগুলোর রক্ষণাবেক্ষণেও আমরা গুরুত্ব দেব।এ ধরনের উদ্যোগ হলের পরিবেশকে আরও সুন্দর, মনোরম ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতেও সহায়ক হবে'। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পথ আরও সুগম হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম