প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
কুবিতে তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যাংকঋণ নিয়ে কর্মশালা
প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সহজ শর্তে ঋণ ও অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে এবি ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসি।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, দেশে শিক্ষিত বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও চাকরিদাতা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন ২০০ একরের গ্রিন ক্যাম্পাসে স্থানান্তরের পর ছাত্র উদ্যোক্তাদের বিনামূল্যে জমি বরাদ্দ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে উৎপাদনমুখী উদ্যোগ চালুর পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও সহনীয় কিস্তিতে ঋণ প্রদানের আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলেই দেশের অর্থনীতিতে পরিবর্তন আসবে। পড়াশোনা শেষে শুধু চাকরির পেছনে না ছুটে সৃজনশীল উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ঋণপ্রাপ্তির ক্ষেত্রে কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে আনার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় ও তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নেওয়া এ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের ঋণ ও প্রণোদনা পাওয়ার প্রক্রিয়া এবং শর্তাবলি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, এবি ব্যাংকের এসিভিপি আশীষ কুমার দেবনাথ, পূবালী ব্যাংকের ডিজিএম মইনুল ইসলামসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা।কর্মশালার দ্বিতীয় পর্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট শর্তাবলি তুলে ধরেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম