প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
শেরপুরে মরিয়মনগরে শেষ হলো নবান্ন উৎসব"ওয়ানগালা'
লাল মো: শাহজাহান কিবরিয়া, শেরপুর প্রতিনিধি ||
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর সাধু জর্জের ধর্মপল্লীতে অনুষ্ঠিত গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ শেষ হয়েছে। গত ২০ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার ২২ নভেম্বর প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।উল্লেখ্যঃ গারো সম্প্রদায়ের রীতি অনুযায়ী নতুন ফসল ঘরে তোলার আনন্দ, ও পূর্ব-পুরুষের সংস্কৃতি সংরক্ষণ এবং নিজেদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে উদ্বোধনী প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রার্থনা পরিচালনা করেন ডিকন পল নোয়াস ধান, সিএসসি। এ সময় স্বাগত বক্তব্য দেন মরিয়মনগর প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্সন চাম্বুগং।উৎসব উপলক্ষে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ঐতিহ্যবাহী মেলা। এতে গারো সম্প্রদায়ের নিজস্ব পোশাক, কৃষ্টি-সংস্কৃতির নানা উপকরণ, আসবাবপত্র, ধর্মীয় সামগ্রী, শিশুদের খেলনা ও বাহারি খাবারের দোকান স্থান পেয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন, গারো ভাষায় ছড়া, আবৃত্তি, গান, নাচ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংসারেক রীতি অনুযায়ী ফসল উৎসর্গের বিশেষ ‘থক্কা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাড়ি বাড়ি কীর্তন পরিবেশনের আয়োজন রয়েছে। গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। নতুন ফসল ঘরে তোলার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ফসলের প্রাচুর্য কামনা এবং নতুন ফসল ভোগের আনন্দকে কেন্দ্র করে এ উৎসব পালন করেন গারো সম্প্রদায়ের আদিবাসীরা। গারোদের কাছে এটি নবান্ন ও ধন্যবাদের উৎসব হিসেবেও পরিচিত। স্থানীয়দের মতে, ওয়ানগালা শুধু একটি উৎসব নয়; এটি গারো সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় ধরে রাখার গুরুত্বপূর্ণ আয়োজন। এ উৎসবের মধ্য দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কাছেও গারো সম্প্রদায়ের জীবনধারা ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম