প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
কামারখন্দে ঝাঐল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান রায়হান কবির
মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ২ নম্বর ঝাঐল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. রায়হান কবির। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় আন্দোলন-সংগ্রামে ত্যাগ এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই যুবদল নেতা।রায়হান কবিরের রাজনৈতিক জীবনের শুরু ২০০৬ সালে। ওই সময় তিনি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ঝাঐল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে জানান রায়হান কবির। তাঁর দাবি, রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে এবং দুইবার কারাবরণ করতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন রায়হান কবির। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলে জানান তিনি। এ ছাড়া তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা জানিয়ে মো. রায়হান কবির বলেন, দলের জন্য দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। রাজনৈতিক জীবনে দুইবার কারাবরণ করেছি, আমার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কখনো ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখিনি, দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে থাকার চেষ্টা করেছি।তিনি আরও বলেন, দল ক্ষমতায় আসার পরও আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সাধ্যমতো দান-অনুদান দিয়ে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়নে কাজ করছি। আমি বিশ্বাস করি, দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও অবদান দল বিবেচনা করবে এবং আমাকে মূল্যায়ন করবে।দল যদি আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে ঝাঐল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাই। বিশেষ করে অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।রায়হান কবিরের কর্মী-সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে দল তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। তাঁদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে ঝাঐল ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি ভূমিকা রাখতে পারবেন।তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটবে, তা সময়ই বলে দেবে। মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রায়হান কবির।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম