প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের বোর্ডে তলব
মোঃ আকতার হোসেন , চাঁদপুর প্রতিনিধি ||
কোনো প্রতিষ্ঠানে পাসের হার মাত্র ১০ শতাংশ, কোথাও ১২ শতাংশ! পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথি চেয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।চাঁদপুরে উচ্চমাধ্যমিক শিক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে নেমে আসায় জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে পাসের হার মাত্র ১০ শতাংশ। অন্য কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফলও ২০ শতাংশের নিচে। এমন ফলাফলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান, একাডেমিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।শুধু চাঁদপুর নয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের জরুরি সভায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।বোর্ড সূত্রে জানা গেছে, শোকজ পাওয়া ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনী জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।বোর্ডের পাঠানো নোটিশে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ অধ্যক্ষদের নির্ধারিত সময়ে বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে।চাঁদপুরের কোন প্রতিষ্ঠানের ফল কত?বোর্ডের শোকজ তালিকায় থাকা চাঁদপুর জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার তুলে ধরা হলো—১. চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ — ১০.০০ শতাংশ।২. বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ — ১২.৭৯ শতাংশ।৩. সাচার ডিগ্রি কলেজ — ১৭.৩৫ শতাংশ।৪. কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ — ১৯.০৫ শতাংশ।৫. লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ — ২১.৪৩ শতাংশ।৬. নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ — ২৩.৪৪ শতাংশ।৭. ফরক্কাবাদ ডিগ্রি কলেজ — ২৩.৫০ শতাংশ।৮. সুজাতপুর ডিগ্রি কলেজ — ২৪.৭৪ শতাংশ।৯. নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ — ২৪.৮৮ শতাংশ।১০. চিতোষী ডিগ্রি কলেজ — ২৫.৮৪ শতাংশ।১১. মুন্সী আজিম উদ্দিন কলেজ — ২৬.২৩ শতাংশ।১২. নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ — ২৭.৪৮ শতাংশ।১৩. কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ — ২৮.১৬ শতাংশ।এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় ৩০ শতাংশের নিচে পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে।বিশেষ করে চাঁদপুরের ১৩টি প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনায় কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার অত্যন্ত কম দেখা গেছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষকদের দায়িত্ব পালন, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক ব্যবস্থাপনা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না—তা খতিয়ে দেখার দাবি উঠেছে।তবে কম পাসের হারের পেছনে শিক্ষার্থীদের অনুপস্থিতি, শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক দুর্বলতা, আর্থসামাজিক পরিস্থিতি কিংবা অন্যান্য কারণ রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।শিক্ষাসংশ্লিষ্ট মহলের মতে, শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। প্রতিটি প্রতিষ্ঠানের বিগত পাঁচ বছরের ফলাফল, শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতির হার, শিক্ষকসংখ্যা, পাঠদানের অগ্রগতি এবং পরিচালনা পর্ষদের ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন।বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে পাসের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে, সেসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ আলাদাভাবে অনুসন্ধান করা জরুরি।কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সভায় অধ্যক্ষদের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনার পর কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর চাঁদপুরের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের।প্রশ্ন একটাই—শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ চিহ্নিত করে দায়বদ্ধতা নিশ্চিত করা হবে, নাকি শোকজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে পুরো প্রক্রিয়া?
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম