প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ
ডেস্ক নিউজ ||
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হওয়ার পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরাও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। ওই দিন বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়।শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও পুনঃনিরীক্ষণের ফল দেখতে পারছেন।এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে।শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।পুনঃনিরীক্ষণের ফলে আগে তিন বিষয়ে অকৃতকার্য থাকা কিছু শিক্ষার্থী এখন দুই বিষয়ে ফেল করেছেন। এসব শিক্ষার্থী যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম