প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-অক্টোবর ২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষার দ্বিতীয় দিনে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের (পিইটি) অংশ হিসেবে প্রার্থীদের ২০০ মিটার দৌড়,পুশ-আপ,লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।পরীক্ষার এ ধাপে উত্তীর্ণ প্রার্থীরা আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পিইটির পরবর্তী ধাপে অংশ নেবেন। এদিন তাঁদের ১ হাজার ৬০০ মিটার দৌড়,ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তিনি পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিয়োগকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার বিষয়ে সতর্ক করেন।এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম;অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা;অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম