প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
গ্রামীণ ব্যাংকে হামলা-আগুন বন্ধের আহ্বান ড. ইউনূসের
ডেস্ক নিউজ ||
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংকটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। এমনকি চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, ব্যাংকটির মালিক মূলত দরিদ্র ঋণগ্রহীতারা, যাদের অধিকাংশই নারী। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার প্রায় ৯৭ শতাংশ নারী। ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিকও তাঁরা। বাকি ১০ শতাংশের মালিক সরকার।তিনি জানান, নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটছে। শুধু চলতি মাসেই প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি লাখ লাখ নারী ও তাঁদের পরিবারের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।অধ্যাপক ইউনূস আরও বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ দেওয়ার প্রতিষ্ঠান নয়, বরং দরিদ্র নারীদের স্বাবলম্বী হওয়া, সন্তানদের শিক্ষার ব্যবস্থা এবং পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর অন্যতম মাধ্যম। তাই এই ব্যাংকের ওপর হামলা নারীদের জীবিকা ও ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলছে।ব্যাংকটির পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকের পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।বিবৃতিতে তিনি জানান, গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শাখা, কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সবশেষে ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলার ঘটনাগুলোতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত এবং গ্রামীণ ব্যাংক রক্ষায় দেশ-বিদেশের সচেতন মানুষকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম