প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
‘রামায়ণ’-এর জন্য কেন এত সময় দিলেন এ আর রহমান জানালেন নিজেই
বিনোদন ডেস্ক ||
বিশাল আয়োজনের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান। হলিউডের বিখ্যাত সংগীত পরিচালক হ্যান্স জিমারের সঙ্গে যৌথভাবে সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন তিনি। শুরুতে সিনেমার সংগীত নিয়ে সমালোচনা হলেও মুক্তির পর বেশ কিছু গান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে ‘রামায়ণ’-এ কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এ আর রহমান।তিনি জানান, কোনো কাজের প্রতি নিজের আগ্রহ এবং শৈল্পিক সন্তুষ্টি না থাকলে সাধারণত সেই প্রকল্পে যুক্ত হন না। পাশাপাশি তাঁর পুরো দল কোনো কাজ নিয়ে উৎসাহী কি না, সেটিও গুরুত্ব দেন তিনি।রহমান বলেন, ‘রামায়ণ’-এর সংগীত, বিভিন্ন থিম ও গান নিয়ে টানা তিন বছর কাজ করেছেন। একটি গান নিখুঁতভাবে তৈরি করতে একাধিকবার পরিবর্তন আনতে হয়েছে। বিশেষ করে ‘রাবণ তাণ্ডব’ গানের ক্ষেত্রে ১২ থেকে ১৩টি সংস্করণ তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত সবার পছন্দের একটি সংস্করণ বেছে নেওয়া হয়।
ভারতীয় এই সুরকার বলেন, ‘রামায়ণ’-এর কাজে পুরোপুরি ডুবে থাকার জন্য আমি ১০-১২টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতার কাজও ছিল, কিন্তু আমি সেগুলো ছেড়ে দিয়েছি। আমি তা নিয়ে গর্বিত।
অস্কারজয়ী এই সুরকার ভারতীয় শাস্ত্রীয় সংগীত এবং তার কাজে এর গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি বলেন, একজন ভারতীয় হিসেবে আপনার ভিত্তি হলো ভারতীয় শাস্ত্রীয় সংগীত তা কর্ণাটকী হোক বা হিন্দুস্থানি। এর মধ্যেই লুকিয়ে আছে রাগ ও আবেগের নানা সূত্র বা অমূল্য ভাণ্ডার। কেউ যদি অত্যন্ত নির্বোধ না হয়, তবে সে নিশ্চয়ই এগুলো ব্যবহার করবে। তাই আমি সবসময় এমন সব রাগের খোঁজ করি যা আগে ব্যবহৃত হয়নি, এবং সেগুলোকে সুরের মাধ্যমে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবি।
উদাহরণ হিসেবে তিনি ১৯৯৫ সালের ‘রঙ্গিলা’ সিনেমার ‘হাই রামা’ গানটির কথা উল্লেখ করেন। গানটি বেশ আবেদনময় হলেও এতে ব্যবহৃত হয়েছিল একটি ভক্তিভাবপূর্ণ রাগ ‘পুরিয়া ধনাশ্রী’। তিনি আরও বলেন, সিনেমায় আবেগ প্রকাশের ক্ষেত্রে রাগের প্রয়োগ সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। শুধু সুর তৈরি করাই বড় কথা নয়, বরং একটি রাগকে এমনভাবে ব্যবহার করা, যা আগে কখনো হয়নি, সেটাই আসল বিষয়।
এ আর রহমান তার আসন্ন চলচ্চিত্র ‘বনারস’-এর প্রচারের জন্য আইএফএফআই-তে উপস্থিত ছিলেন; তার সঙ্গে ছিলেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নীরজ কবি, পরিচালক ভরত বালা এবং চিত্রগ্রাহক মার্ক কনিঙ্কস। চলচ্চিত্রটির প্রিমিয়ার এই উৎসবেই অনুষ্ঠিত হয়েছিল।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম