প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ইউরোপের বিক্ষোভের ঢেউ এবার যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক ||
ইউরোপের বিভিন্ন দেশে সরকারের নীতি, ব্যয় সংকোচন এবং সামরিক খাতে খরচ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ চলছে। এবার সেই বিক্ষোভের প্রভাব যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।দেশটিতে মূল্যস্ফীতি, বেকারত্ব, আবাসনসংকট এবং শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী। বিশ্লেষকদের ধারণা, তরুণদের এই অসন্তোষ ভবিষ্যতে বড় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে।গত শুক্রবার যুক্তরাজ্যের শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ বাড়ানোর প্রতিবাদের পর এটিকে দেশটির অন্যতম বড় শিক্ষার্থী আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।লন্ডনে বিক্ষোভকারীরা ট্রাফালগার স্কয়ার থেকে মিছিল নিয়ে ডাউনিং স্ট্রিটের দিকে এগিয়ে যান। এ সময় তাদের স্লোগান ছিল, ‘যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই’। তরুণদের দাবি, সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরিবর্তে শিক্ষা ও নিজেদের ভবিষ্যতের উন্নয়নে বেশি গুরুত্ব দিতে হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে লেখক ফেইজি ইসমাইল বলেছেন, যুক্তরাজ্যের তরুণদের মধ্যে ক্ষোভ তৈরির পেছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, সরকারি সেবার অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।
সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি এমন পরিস্থিতিতে রয়েছেন। দেশটির মোট বেকারের ৪০ শতাংশেরও বেশি তরুণ।
নিবন্ধে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি অর্থায়ন কমে যাওয়ায় চাকরি ছাঁটাই ও শিক্ষাক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অথচ শিক্ষা ও বেসামরিক কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হলেও তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। অন্যদিকে জনসেবা ও শিক্ষায় বরাদ্দ কমলেও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ছে।
লেখকের মতে, ইউরোপজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির সঙ্গে ন্যাটোর প্রভাব এবং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়টি জড়িত। যুক্তরাজ্যে শিক্ষায় ব্যয় জিডিপির ৪ দশমিক ১ শতাংশ, যেখানে ফ্রান্সে এ হার ৫ দশমিক ১ শতাংশ।
নিবন্ধে আরও বলা হয়েছে, দীর্ঘ পাঁচ দশকের বেসরকারিকরণ, নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সামাজিক সুরক্ষা খাতে কাটছাঁট বর্তমান সংকটকে গভীর করেছে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর দমননীতি কিংবা নতুন কৃচ্ছ্রসাধন নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর পরিবর্তন প্রয়োজন। অন্যথায় ইউরোপের গণবিক্ষোভের মতো আন্দোলন যুক্তরাজ্যেও বড় আকার ধারণ করতে পারে। সূত্র: আল-জাজিরা
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম