প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
অবৈধ ইটভাটা ভাঙা ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ টাকা, ভাগ পেতেন কর্মকর্তারা
আবু জাফর বিশ্বাস , বরিশাল ব্যুরো ||
বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে দুই লাখ টাকা করে উৎকোচ নিয়ে ভাটা ভাঙার অভিযান থেকে রক্ষা করার ব্যবস্থা করতেন অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম। এ অর্থের ৬০ শতাংশ বিভাগীয় পরিচালকের দপ্তর এবং ৪০ শতাংশ জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভাগ হতো বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।অভিযোগ তদন্তের মধ্যেই দিদারুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। গত ১৬ নভেম্বর তাঁকে অবমুক্ত করা হলেও তিনি এখনো বরিশাল ছাড়েননি।পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ইট পোড়ানোর মৌসুমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব বিভাগীয় পরিচালকের। অভিযানের আগে পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠকে নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলামকে পাশে রাখতেন। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা ও উপজেলায় তাঁকে পাঠানো হতো। ভাটার মালিকদের সঙ্গে উৎকোচের সমন্বয়ও করতেন দিদারুল বলে অভিযোগ রয়েছে।সূত্রের দাবি, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে দুই লাখ টাকা নেওয়ার বিনিময়ে ভাটা ভাঙার অভিযান থেকে রক্ষা করার ব্যবস্থা করা হতো। এসব অর্থের বড় অংশ ইটভাটা সমিতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সংগৃহীত অর্থের ৬০ শতাংশ পরিচালকের দপ্তর এবং ৪০ শতাংশ জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভাগ হতো বলে অভিযোগ।নাম প্রকাশ না করার শর্তে পিরোজপুরের জিয়ানগরের এক ইটভাটার মালিক জানান, গত মঙ্গলবার দুটি অবৈধ ইটভাটা ভাঙা থেকে রক্ষা করতে তিনি ছয় লাখ টাকা দিয়েছেন। ইটভাটা দুটি কচা ও সুগন্ধা নদীর মোহনায় অবস্থিত।বরিশাল জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের ইটভাটা সমিতির নেতাদের মাধ্যমেও পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার কাছে উৎকোচ পৌঁছানোর অভিযোগ রয়েছে।সূত্র জানায়, এসব অভিযোগের পর গত এপ্রিল মাসে নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন তদন্তের দায়িত্ব পালন করেন।দিদারুল ইসলাম বলেন, তাঁকে খাগড়াছড়িতে বদলি করেছেন অধিদপ্তরের মহাপরিচালক। গত ১৬ নভেম্বর অবমুক্ত করা হলেও বরিশালে অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘সমস্যা কী, আরও সাত কর্মদিবস থাকতে পারব।’অভিযোগের বিষয়ে দিদারুল বলেন, অভিযোগ থাকতেই পারে। থাকলে পরিচালকের সঙ্গে কথা বলেন।পরিচালকের সঙ্গে যোগসাজশ করে অবৈধ ইটভাটার মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগের পাঁচ পয়সা দামও নেই।পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দিদারুলের বিরুদ্ধে অভিযোগের কারণেই তাঁকে খাগড়াছড়িতে সরিয়ে দেওয়া হয়েছে। অবমুক্তির তারিখ শেষ হলেও কিছুদিন বরিশালে থাকতে পারবেন বলে জানান তিনি।তবে অবমুক্তির পরও দিদারুল কেন বরিশালে অবস্থান করছেন, এ প্রশ্নের জবাব দেননি পরিচালক।ইটভাটা থেকে দুই লাখ টাকা করে উৎকোচ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গত এপ্রিল মাসে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন।দিদারুল ইসলাম দুদকের মামলায় এক মাস কারাভোগ করলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এ প্রশ্নে পরিচালক বলেন, বিষয়টি প্রধান কার্যালয়ে অবহিত করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অবৈধ ইটভাটা থেকে উৎকোচ নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, লেনদেনের মাধ্যমে ইটভাটা রক্ষা করা ব্যক্তিস্বার্থ হাসিলের কর্মকাণ্ড। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।তিনি বলেন, আগের পরিচালকদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ছিল। প্রতিবছর একই ইটভাটা কীভাবে কার্যক্রম চালায়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। হাইকোর্ট সব ইটভাটা ভাঙার নির্দেশ দিলেও বরিশালে প্রায় ৩০০ অবৈধ ইটভাটা থাকলে মানুষের প্রশ্ন ওঠাই স্বাভাবিক।লিংকন বায়েন বলেন, ‘লেনদেন করে পরিবেশদূষণকারী ইটভাটা চললে পরিবেশ অধিদপ্তরের কী দরকার। পুলিশই তো পারে। অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত বক্তব্য পাওয়া গেলে বিষয়টির আরও বিস্তারিত জানা যাবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম