প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ধীরগতির কাজ শেষে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর নতুন লক্ষ্য
ডেস্ক নিউজ ||
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণকাজ ধীরগতিতে চলায় কয়েকবার পিছিয়েছে উদ্বোধনের সময়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাসে এই অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হবে। এতে পুরো মেট্রোরেল রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। পাশাপাশি মোট স্টেশনের সংখ্যা হবে ১৭টি।ডিএমটিসিএলের তথ্য বলছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজের অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৮৫ শতাংশ। আর বিদ্যুৎ ও যন্ত্রপাতিসংক্রান্ত কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশ।সব কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ হলে ২০২৭ সালের জুলাই থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো দাঁড়িয়ে যাওয়ার কথা রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে; বর্তমানে অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের যাতায়াতের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে।
তবে কেবল অবকাঠামো দাঁড়ালেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। এর আগে রেলপথ, পাওয়ার সাপ্লাই, সংকেত ব্যবস্থা, অটোমেটিক ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর সচল করতে হবে।
এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করতে হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চালু হওয়ার চূড়ান্ত সময় নির্ভর করছে।
এর আগেও উদ্বোধনের সম্ভাব্য সময় পাল্টেছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে নেওয়া হয়; এমনকি পরীক্ষামূলক চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও উঠে এসেছিল। সর্বশেষ তা গড়িয়েছে ২০২৭ সালের জুলাইয়ে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম