প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
শব্দহীন ভালোবাসার গল্প, ইশারার ভাষায় এক হলেন গোলাম সাকওয়াত ও নিলিমা
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
বাড়িজুড়ে বিয়ের আনন্দ-উচ্ছ্বাস। আত্মীয়স্বজনের উপস্থিতিতে চলছে নানা আয়োজন। চারদিকে হাসি, আনন্দ আর শুভেচ্ছার ধ্বনি। কিন্তু বর-কনের মুখে নেই কোনো কথা, নেই শব্দের আদান-প্রদান। তবুও তাদের চোখেমুখে ফুটে উঠেছে নতুন জীবন শুরুর আনন্দ। ইশারা আর চোখের ভাষাতেই প্রকাশ করছেন মনের সব অনুভূতি।কারণ, বর ও কনে দুজনই জন্ম থেকে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। তবে শারীরিক এই সীমাবদ্ধতা তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে জীবন গড়ার স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। পারিবারিক সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছেন তারা।এই বিয়ে কেবল দুটি মানুষের একসঙ্গে পথচলার সূচনা নয়, বরং ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার এক অনন্য গল্প। যেখানে মনের কথা প্রকাশে শব্দের প্রয়োজন হয়নি, প্রয়োজন হয়নি মুখের ভাষার। ইশারা আর অনুভূতির মধ্য দিয়েই তৈরি হয়েছে তাদের সম্পর্কের নতুন অধ্যায়।বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। অন্যদিকে কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভার এলাকার নুর হোসেনের মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পরিবারের সহযোগিতা ও ভালোবাসায় স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠেছেন তারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী দৈনন্দিন কাজও করতে পারেন দুজন।বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েটিও বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসা হবে।ছেলের সক্ষমতার বিষয়ে তিনি বলেন, তার ছেলে নিজেই অনেক কাজ করতে পারে। এমনকি কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে, তা দিয়ে আশা করি তারা ভালোভাবেই জীবনযাপন করতে পারবে।জীবনের পথচলায় কথা বলার কিংবা শোনার সক্ষমতা অনেকের কাছে স্বাভাবিক বিষয়। কিন্তু এই দম্পতির কাছে ভালোবাসা প্রকাশের মাধ্যম ভিন্ন। তাদের কাছে চোখের ভাষা, ইশারার অর্থ আর পারস্পরিক অনুভূতিই হয়ে উঠেছে যোগাযোগের সেতুবন্ধন।সমাজে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে নানা সীমাবদ্ধতা ও দৃষ্টিভঙ্গি থাকলেও গোলাম সাকওয়াত ও নিলিমার নতুন জীবন শুরুর এই গল্প মনে করিয়ে দেয়—সুখী সংসার গড়তে শুধু মুখের ভাষা নয়, প্রয়োজন একে অপরকে বোঝার মানসিকতা, বিশ্বাস ও ভালোবাসা।শব্দহীন এই ভালোবাসার গল্পে নতুন জীবনের পথে পা রাখলেন গোলাম সাকওয়াত সম্পদ ও নিলিমা জাহান নিতু। তাদের দাম্পত্য জীবন হয়ে উঠুক সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ, এমন প্রত্যাশা দুই পরিবারের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম