প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
মাঝের পিলার ভেঙে ঝুঁকিপূর্ণ ঘাগড়া সেতু, আতঙ্কে হাজারো মানুষ
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুর সদরের ঘাগড়া ক্যানেলের ওপর নির্মিত সেতুর মাঝের পিলার ভেঙে পড়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এরপরও প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে পারাপার হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর এলাকায় ঘাগড়া খালের ওপর নির্মিত ৫০ মিটার দীর্ঘ সেতুটির মাঝের পিলার ভেঙে পড়েছে এক বছর আগে। এরপর থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন কয়েক হাজার মানুষ। সেতুর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে লাল কাপড় বেঁধে সতর্ক করা হয়েছে। তবুও মানুষের দুর্ভোগ কমছে না।দিনাজপুর শহরের কাছেই উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঘাগড়া খালের ওপর সেতুটি প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে নির্মিত হয়। দীর্ঘদিনের পুরোনো সেতুটির মাঝের পিলারটি ভেঙে পড়ায় দুই পাশের অংশ ঝুলে রয়েছে। সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করলে যেকোনো সময় এটি ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সেতুর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করেছেন। সতর্কতা হিসেবে বেঁধে দিয়েছেন লাল কাপড়। শুধু পথচারীদের চলাচলের জন্য সরু পথ রাখা হয়েছে। অটোরিকশা, ভ্যান, ট্রাক্টর, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।সেতুটি উলিপুর ও মাজাডাঙ্গা গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন দুই গ্রামের কয়েক হাজার মানুষ এ সেতু দিয়ে চলাচল করেন। সেতুর পূর্ব পাশে উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উলিপুর গ্রাম এবং পশ্চিম পাশে মাজাডাঙ্গা গ্রাম। ফলে শিক্ষার্থী, কৃষক, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।পুনর্ভবা নদীর তীরবর্তী উলিপুর-মাজাডাঙ্গা এলাকায় কয়েকশ একর জমিতে আলু, ফুলকপি, বাঁধাকপি, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। এসব সবজি কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও মিনি ট্রাক নিয়ে পাইকাররা আসেন। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন কোনো ভারী যানবাহন চলাচল করতে পারছে না। ফলে কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহন ও বিক্রিতে সমস্যা হচ্ছে। জমিতে সার, জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।উলিপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ‘মাজাডাঙ্গা এলাকায় আমার এক একর জমি রয়েছে। এবার সেখানে আলু চাষের প্রস্তুতি নিচ্ছি। আগে ট্রাক বা ভ্যানে করে সার ও জৈব সার জমিতে নিয়ে যেতে পারতাম। কিন্তু সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সেতুর এপারে সার রেখে কাঁধে করে ওপারে নিয়ে যেতে হচ্ছে। এতে শ্রমিক বেশি লাগছে, খরচও বাড়ছে।মাজাডাঙ্গার অটোরিকশাচালক রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন অটোরিকশা নিয়ে এই সেতু পার হতে হয়। এখন সেতুর মাঝের পিলার ভেঙে যাওয়ায় যাত্রীদের সেতুর দুই পাশে নামিয়ে দিতে হয়। এরপর কোনো রকমে শুধু চালক অটোরিকশা নিয়ে সেতু পার হই। সেতুতে উঠলেই এটি দুলতে থাকে। কখন ভেঙে নিচে পড়ে যায়, সেই আতঙ্কে থাকি।মোটরসাইকেল চালক হায়দার আলী বলেন, ‘মাজাডাঙ্গায় আমার বাড়ি। প্রতিদিন শহরে যাতায়াত করতে এই সেতু ব্যবহার করতে হয়। সেতুর অবস্থা এতটাই খারাপ যে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় ভয় লাগে। সেতুতে উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে নিচে পড়ে গেলাম।উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়হান কবির বলেন, ‘আমার বাড়ি মাজাডাঙ্গায়। প্রতিদিন এই সেতু দিয়ে স্কুলে যেতে হয়। সেতুর মাঝের পিলার ভেঙে যাওয়ায় এটি দুলতে থাকে। সেতুতে উঠলেই ভয় লাগে, কখন ভেঙে খালের মধ্যে পড়ে যাই।স্থানীয় জাকির হোসেন বলেন, উলিপুর ও মাজাডাঙ্গা গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র সেতু এটি। গত এক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় তারা নিজেরাই বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন এবং লাল কাপড় বেঁধে সতর্ক করেছেন। এলাকার শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সবাই আতঙ্কে চলাচল করছেন। দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ কমবে।স্থানীয় কৃষক রেজাউল ইসলাম বলেন, ঘাগড়া খালের ওপর কয়েক কিলোমিটারের মধ্যে তিনটি সেতু রয়েছে। এর মধ্যে উলিপুরের সেতুটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক ও এলজিইডি কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উৎপাদিত সবজি বাজারে নিতে এবং কৃষি উপকরণ জমিতে পৌঁছাতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুর কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেককে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে।দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী আলী হোসেন বলেন, ঘাগড়া খালের ওপর নির্মিত সেতুটি প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল। সেতুটি বর্তমানে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তিনি সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীকে সেতুটি পরিদর্শন করে ছবি ও প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা সম্ভব হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম